চীনে ইলেকট্রিক কার চার্জার তৈরি করবে টেসলা

২৭ নভেম্বর, ২০২০ ০১:৪২  
২০২১ সালে চীনে ইলেকট্রিক ভেহিকল (ইভি) চার্জার তৈরির পরিকল্পনা করেছে টেসলা। বিশ্বের বৃহত্তম গাড়ির বাজারে নিজেদের বিক্রি বাড়াতে এই উদ্যোগ নিয়েছে ইলন মাস্কের কোম্পানিটি। খবর রয়টার্স। বর্তমানে চীনে মডেল ৩ ইলেকট্রিক কার বিক্রি করে থাকে টেসলা। আগামী বছরে মডেল ওয়াই স্পোর্টস সরবরাহ করার পরিকল্পনা রয়েছে। এক বিবৃতিতে টেসলা জানিয়েছে, তৃতীয় প্রজন্মের কুইক চার্জার তৈরিতে নতুন কারখানার জন্য ৬.৪ মিলিয়ন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে টেসলার। নতুন এই চার্জারটি সুপারচার্জার ভি৩ নামে পরিচিত। সাংহাইয়ে গাড়ি তৈরির কারখানার পাশেই নতুন কারখানা তৈরি করা হবে। আগামী বছরের প্রথম প্রান্তিকেই নতুন কারখানা তৈরি হয়ে যাবে বলে প্রত্যাশা করছে টেসলা। এখানে প্রতিবছর ১০ হাজার চার্জার তৈরির সক্ষমতা থাকবে। ডিবিটেক/বিএমটি